June 27, 2026, 8:22 am

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

  • Update Time : Saturday, January 24, 2026

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আজ সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়া সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন।

এদিকে দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম কোকোর কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। তার জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। ক্রীড়া সংগঠক হিসেবে তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাসা থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান এবং চিকিৎসা শেষে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন।

তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com