জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ লঙ্ঘন করেছেন। বিধি অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে তিনি গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে অনুষ্ঠিত সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের এক অনুষ্ঠানে ভোট প্রার্থনা করেন।
এছাড়া বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার আচরণ বিধিমালার বিধি-৭ (চ) লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। ওই বিধি অনুযায়ী কোনো প্রার্থী দলীয় প্রধানের ছবি ব্যবহার করে ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপাতে পারবেন না। কিন্তু তিনি এ নির্দেশনা অমান্য করেছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম বিধি-৭ (ঙ) লঙ্ঘন করেছেন। নোটিশ অনুযায়ী, তিনি নির্বাচনি প্রচারণায় রঙিন লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করেছেন, যা আচরণ বিধির পরিপন্থী।
তিন প্রার্থীকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”