June 27, 2026, 8:25 am

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

  • Update Time : Thursday, January 22, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে স্টার নিউজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তেজগাঁও শিল্প এলাকায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এনজিআই) ভবনে কেক কেটে চ্যানেলটির উদ্বোধন ঘোষণা করা হয়।

বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছে স্টার নিউজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স মণ্ডল, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসাইন খালেদ, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোখছেদুল কামাল জানান, চ্যানেলটিতে বিশ্বের শীর্ষ সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভেকোর ‘ফুল স্টুডিও অটোমেশন’ সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ তথা এশিয়ায় প্রথমবারের মতো একটি সংবাদমাধ্যম পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থায় পরিচালিত হতে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সংবাদ সংগ্রহ, যাচাই, সম্পাদনা ও সম্প্রচার— সব ধাপই আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, ফলে সংবাদ পরিবেশন হবে আরও দ্রুত ও নির্ভুল।

স্টার নিউজের হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজ। তিনি বলেন, আধুনিক চিন্তাধারা, প্রযুক্তিনির্ভর সম্প্রচার ব্যবস্থা ও দর্শককেন্দ্রিক কনটেন্টের সমন্বয়ে স্টার নিউজ অল্প সময়ের মধ্যেই গণমাধ্যম অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করবে। একই সঙ্গে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চ্যানেল কর্তৃপক্ষ জানায়, স্টার নিউজে সর্বাধুনিক স্টুডিও, ডিজিটাল নিউজ প্রোডাকশন সিস্টেম, উন্নত গ্রাফিক্স ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ বুলেটিনের পাশাপাশি থাকবে টকশো, বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, বিশেষ প্রতিবেদন ও অনুসন্ধানী সাংবাদিকতা।

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন স্টার নিউজ দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তি বিষয়ক সংবাদ নির্ভরযোগ্যভাবে তুলে ধরার প্রত্যয় জানিয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com