June 27, 2026, 8:23 am

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

  • Update Time : Thursday, January 22, 2026

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়ে। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঢাকা কলেজ চত্বরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এর ফলে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইভাবে নিউমার্কেট থেকে মিরপুরমুখী রাস্তাতেও যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার উদ্যোগে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। ওই সময় ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করা হলেও এক মাসের মধ্যেই তা ভেঙে যায়। পরবর্তীতে ১০ ডিসেম্বর ফের উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, সে সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com