June 27, 2026, 8:23 am

রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

  • Update Time : Thursday, January 22, 2026

জেলা প্রতিনিধি:

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এতে করে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তারা চিকিৎসাসেবা প্রদান থেকে বিরত থেকে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কর্মবিরতির প্রভাব পড়লেও জরুরি চিকিৎসাসেবা চালু রয়েছে।

হাসপাতালে উপস্থিত রোগীর স্বজনরা জানান, হঠাৎ কর্মবিরতির কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না তারা। পরিস্থিতির উন্নতি না হলে অনেকেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

রমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ জানান, মঙ্গলবার রাতে এক রোগীর অপারেশন চলাকালে অপারেশন থিয়েটারে রোগীর স্বজনরা মিড লেভেল চিকিৎসক, আবাসিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে চিকিৎসকরা আহত হন এবং হাসপাতালের অপারেশন কার্যক্রম ব্যাহত হয়। ঘটনার পর থেকে চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে, দ্রুত সমাধানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com