June 27, 2026, 7:16 am

নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

  • Update Time : Thursday, January 22, 2026

জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বন্দর নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের আওতায় একটি লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের উদ্যোগে এই মহড়া আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস) কোড অনুসরণ করে জাহাজ ও বন্দরকে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা বাধ্যতামূলক। সাম্প্রতিক বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে সন্ত্রাসের ধরন পরিবর্তিত হওয়ায় বাস্তবভিত্তিক প্রস্তুতি ও নিয়মিত মহড়ার গুরুত্ব বেড়েছে।

এই মহড়ায় বন্দর নিরাপত্তা স্তর–১, ২ ও ৩ অনুযায়ী বিভিন্ন সম্ভাব্য হুমকি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়। এতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অনুপ্রবেশ প্রতিরোধ, যানবাহনভিত্তিক হুমকি মোকাবিলা, অগ্নিকাণ্ড পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্দেহজনক বস্তু ও বোমা হুমকিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, নদীপথে সন্দেহজনক নৌযান আটক এবং কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যৌথ অভিযানের দৃশ্য তুলে ধরা হয়।

মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। এতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কুইক রেসপন্স ব্যবস্থার কার্যকারিতা প্রদর্শিত হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, মহড়ার পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় চট্টগ্রাম বন্দর সক্ষম। ভবিষ্যতেও বন্দর নিরাপত্তা আরও জোরদার করতে এ ধরনের মহড়া নিয়মিত আয়োজন করা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com