ক্রীড়া প্রতিবেদক:
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। মিরপুরে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে ব্যাট হাতে নায়ক হয়ে ওঠেন শেখ মাহেদী হাসান।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ধীরে শুরু করেন। পাওয়ারপ্লে শেষে রাজশাহীর স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৩৭ রান। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
নাজমুল হোসেন শান্ত ১১ বলে ৮ রান করে আউট হন, গোল্ডেন ডাকে ফেরেন মুশফিকুর রহিম। আকবর আলী করেন ১০ বলে মাত্র ৩ রান। ৩৭ বলে ৪১ রান করা তানজিদ আউট হলে চাপে পড়ে রাজশাহী।
শেষদিকে আবদুল গাফফার সাকলাইনের ঝড়ো ইনিংসে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় দলটি। তিনি ৩ ছক্কা ও ২ চারে ১৫ বলে ৩২ রান করেন। রিপন মণ্ডল যোগ করেন ৮ বলে ১০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রামের হয়ে বল হাতে শেখ মাহেদী হাসান ও আমের জামাল নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভীর ইসলাম, হাসান নওয়াজ ও মির্জা বেগ।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের শুরুটা ছিল সতর্ক। ওপেনার মির্জা বেগ ও মোহাম্মদ নাঈম শেখ পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৩১ রান তোলেন। ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে নাঈমের বিদায়ে। তিনি ৩৮ বলে ৩০ রান করেন।
তিন নম্বরে নেমে দ্রুত রান তোলেন হাসান নওয়াজ। ১৪ বলে ২০ রান করে তিনি ফেরেন ৯৮ রানে। একপ্রান্তে ধীরে এগোতে থাকেন মির্জা বেগ।
শেষদিকে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফেরে উত্তেজনা। আসিফ আলী ৮ বলে ১১ রান করে আউট হন। শেষ দুই ওভারে দরকার ছিল ১৯ রান।
১৯তম ওভারে বিনুরা ফার্নান্দোর প্রথম বলেই ছক্কা হাঁকান শেখ মাহেদী। তবে ওই ওভারেই ৪৫ রান করা মির্জা বেগকে ফিরিয়ে দেন বিনুরা। শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ৯ রান।
রিপন মণ্ডলের করা শেষ ওভারে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন শেখ মাহেদী। এক ছক্কা ও পরের বলেই দুই রান নিয়ে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন তিনি। ৯ বলে অপরাজিত ১৯ রান করে ম্যাচসেরা হন মাহেদী।
রাজশাহীর হয়ে আবদুল গাফফার সাকলাইন নেন ২টি উইকেট, আর একটি করে উইকেট পান বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।
এই জয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ফাইনালের দ্বিতীয় টিকিটের লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে এখন মুখোমুখি হতে হবে সিলেট টাইটান্সের বিপক্ষে, দ্বিতীয় কোয়ালিফায়ারে।