জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির সব ইউনিট অচল হয়ে পড়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের একটি টিউব ফেটে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে পড়ে।
এর আগে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে উৎপাদনের বাইরে রয়েছে। এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি গত ১৪ জানুয়ারি পুনরায় চালু করা হলেও মাত্র চার দিনের মধ্যেই তা আবার বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বয়লার সম্পূর্ণ ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। তবে কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা যাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, ইউনিটটি পুরোনো হওয়ায় মেরামত কাজে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে।
এদিকে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে পরিচালিত তৃতীয় ইউনিটটি প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া গেলে আগামী মার্চ মাসে উৎপাদনে ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।