বিনোদন ডেস্ক:
ঠিক এক বছর আগে বিয়ের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর তখন বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে সেই নতুন সম্পর্কের উষ্ণতা বেশিদিন টিকল না। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তিনি ও রোজা আর একসঙ্গে নেই। বর্তমানে তারা আলাদা থাকছেন।
বিচ্ছেদের খবরে ভক্তদের মাঝে হতাশা ছড়িয়ে পড়লেও অনেকেই ভেবেছিলেন, হয়তো ভুল–বোঝাবুঝি কাটিয়ে তারা আবার কাছাকাছি আসবেন। এই আশার পেছনে বড় কারণ ছিল রোজার সামাজিক যোগাযোগমাধ্যম। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছিল তাহসানের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি এবং নিজের নামের পাশে যুক্ত ‘খান’ পদবি।
তবে সেই আশার অবসান ঘটেছে এবার। রোজা তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাহসান সংক্রান্ত সব ছবি ও স্মৃতি মুছে ফেলেছেন। একই সঙ্গে নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন ‘খান’ পদবিও। এতে করে দুজনের বিচ্ছেদ যে চূড়ান্ত, তা স্পষ্ট হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। পেশাগতভাবে রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।