নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই টানা নয় দিনের আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই আমাদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা কীভাবে এই শর্ত শিথিল করেছি, তা আপনারা দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচনটি সবার অংশগ্রহণে হোক। তবে প্রার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।
সিইসি আরও বলেন, আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই—আমরা কোনো পক্ষপাতিত্ব করে কোনো রায় দিইনি। বহু বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।
আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, প্রার্থীরা যেভাবে যুক্তি উপস্থাপন করেছেন এবং প্রশ্নের জবাব দিয়েছেন, তা দেখে আমি অভিভূত। আলেম-ওলামারা যাকে ‘বাহাস’ বলেন, সেই ধরনের একটি পরিবেশ আমরা দেখেছি। এই ধৈর্যশীল ও শালীন আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাই।
তিনি আরও বলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ধৈর্য ধরে শুনানিতে অংশ নিয়েছেন, অনেকে আমাদের আগেও উপস্থিত হয়েছেন। এই সহযোগিতার জন্য কমিশন সবার প্রতি কৃতজ্ঞ।
এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যেসব ঋণ খেলাপিকে ছাড় দেওয়া হয়েছে, তা কিছুটা মনোকষ্ট নিয়েই করতে হয়েছে। তিনি বলেন, আইন যেহেতু তাদের প্রার্থিতা অনুমোদন দিয়েছে, সেহেতু কমিশন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করতে বাধ্য হয়েছে।