নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী জোটে না যাওয়ার সিদ্ধান্তের কথা শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ইসলামপন্থি শক্তির সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। সে সময় পীর সাহেব চরমোনাই ‘একটি ভোট, একটি বাক্স’ বা ওয়ান বক্স নীতির ঘোষণা দেন। শুরুতে অনেক দল এই নীতির প্রতি সমর্থন জানালেও শেষ পর্যন্ত কেউ কেউ রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতায় যাওয়ার লক্ষ্যকে প্রাধান্য দিয়ে নীতিটি থেকে সরে আসে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যথিত ও মর্মাহত।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ইবাদতের রাজনীতি করে এবং কর্মী-সমর্থকদের আবেগের সঙ্গে প্রতারণা করতে পারে না। ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্য নিয়ে দলটি রাজনীতি করে আসছে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় তারা ইসলামের পক্ষে একটি বাক্স রক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, ১১ দলীয় জোটের ব্যানারে আসন বণ্টন সংক্রান্ত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানের প্রতিফলন দেখা যায়নি। এ কারণে জোটে থাকা তাদের পক্ষে সম্ভব নয়।
জামায়াতে ইসলামীর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রকাশ্যে জানিয়েছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং শরীয়াহ আইন বাস্তবায়ন করবেন না। এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ইসলামী আন্দোলনের লক্ষ্য সেখানে অর্জিত হবে না।
তিনি বলেন, প্রধান ইসলামপন্থি শক্তিই যদি ইসলামী আইনের প্রতি আস্থা না রাখে, তাহলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। আদর্শিক বিচ্যুতির পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাবে না।
রাজনৈতিক কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জাতীয় সরকার গঠন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিয়ে জোটের ভেতরে স্বচ্ছতার অভাব ছিল। একতরফা সমঝোতার ঘোষণায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন কোনো পাতানো বা ভাগাভাগির নির্বাচনের অংশ হতে চায় না।
তিনি জানান, ২৬৮ আসনের বাইরে বাকি ৩২টি আসনে আদর্শ ও লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। লক্ষ্য হলো ৩০০ আসনেই ইসলামের পক্ষে ওয়ান বক্স নীতির বাস্তবায়ন নিশ্চিত করা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১১ দলীয় জোটের জরুরি বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়ায়। শুক্রবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে সে বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করা হলো।