ক্রীড়া প্রতিবেদক:
সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি।
কোয়াবের পূর্বঘোষিত কর্মসূচির কারণে আজ বিপিএলের ঢাকা পর্বের দুটি ম্যাচ স্থগিত হয়। তবে দিনভর ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বয়কট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারী বিশ্বকাপ বাছাইপর্ব, চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং বিপিএলের গুরুত্ব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কোয়াব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলে জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে—এই উপলব্ধি থেকেই তারা অবস্থান বদলেছে।
এদিকে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। সংগঠনটি বলেছে, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি যে সময় চেয়েছে, সেটিকে তারা সম্মান জানায়। তবে একই সঙ্গে আশা প্রকাশ করেছে, প্রক্রিয়াটি চলমান থাকবে।
কোয়াব আরও জানায়, ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে করা আপত্তিকর মন্তব্যের জন্য এম নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। বিসিবিকে জানানো হয়েছে, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলতে থাকলে কোয়াব শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।