আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নেওয়ার আশঙ্কা রয়েছে—এমন আবেদনকারীদের প্রবেশ ঠেকাতে ভিসা যাচাই–বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। নতুন যাচাই ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রদান স্থগিত থাকবে।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাসকে বিদ্যমান আইনের আওতায় আপাতত ভিসা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।