বিনোদন ডেস্ক:
দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিনোদন অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আজ আনুষ্ঠানিক রূপ নিচ্ছে।
ঘনিষ্ঠ সূত্র জানায়, সকালে গায়েহলুদের আনুষ্ঠানিকতা এবং সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হয়েছে। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেফার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে প্রায় এক বছর ধরেই নানা আলোচনা চলছিল। যদিও দুজনই প্রকাশ্যে নিজেদের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। জেফার বিভিন্ন সময় জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে তিনি আগ্রহী নন।
ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে রূপ নেয়। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাঁদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আরও জোরালো হয়। সে সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেফার কোনো মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের ইতি টানেন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে তিনি বলেছিলেন, দীর্ঘ চিন্তাভাবনার পর দুজনের জন্য আলাদা হওয়াটাই সম্মানজনক সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে আজ গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করছেন জেফার রহমান ও রাফসান সাবাব।