ক্রীড়া প্রতিবেদক:
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম আগামীকালের মধ্যে পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। বিপিএলের ম্যাচ শুরুর আগে, বেলা একটার মধ্যে পদত্যাগ না হলে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।
রোববার রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এ কঠোর অবস্থান নিয়েছেন তারা।
সম্প্রতি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে আলোচনা চলাকালে নাজমুল ইসলাম মন্তব্য করেন, ক্রিকেটাররা ব্যর্থ হলে তাদের পেছনে ব্যয় করা অর্থ ফেরত চাওয়া হবে কি না—এমন প্রশ্ন ওঠে। তার এই বক্তব্য ঘিরেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেও সমালোচনার মুখে পড়েন নাজমুল। ক্রিকেটারদের মতে, এসব মন্তব্য পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, “একজন বোর্ড পরিচালক হিসেবে এ ধরনের ভাষা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব মন্তব্য শুধু ব্যক্তিগত নয়, পুরো ক্রিকেট সমাজকে অপমান করে।”
তিনি আরও জানান, নাজমুল ইসলাম যদি আগামীকাল ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করেন, তাহলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বিরত থাকবেন খেলোয়াড়রা।
আগামীকাল বিপিএলের দ্বাদশ আসরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।
এদিকে ক্রিকেটারদের আলটিমেটামের আগেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক কিছু বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছে বোর্ড। একই সঙ্গে জানানো হয়েছে, এসব মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি বা আচরণবিধির প্রতিফলন নয়।