বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির নাম। সম্প্রতি একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের পারস্পরিক কর্মকাণ্ড থেকেই এই জল্পনার জন্ম।
আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কো দলকে সমর্থন জানাতে গ্যালারিতে দেখা যায় নোরা ফাতেহিকে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়—তিনি শুধু নিজের দেশের দল নয়, বরং কথিত প্রেমিক আশরাফ হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কো গিয়েছিলেন।
মরক্কোর জয়ের পর নোরার উচ্ছ্বাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনার মাত্রা আরও বেড়ে যায়। এ সময় নোরার কিছু পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়াও নজর কাড়ে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা, আর আশরাফ হাকিমি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে পরিচিত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, নোরার ফুটবলার প্রেমিক নিয়ে গুঞ্জন আগে থেকেই ছিল, যা হাকিমির সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতায় আরও জোরালো হয়েছে।
তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য না আসায় বিষয়টি এখনো পুরোপুরি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।