নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার (১১ জানুয়ারি) হজ এজেন্সি মালিক ও হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসারে প্রতিটি হজ এজেন্সিকে মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠানোর বাধ্যবাধকতা থাকবে।
তবে কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়।
নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।