June 27, 2026, 6:46 am

ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে পাঠাচ্ছে বড় পর্যবেক্ষক দল

  • Update Time : Sunday, January 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস আইজাবস এই সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সমতা ভিত্তিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড), এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। শফিকুল আলম জানান, ইভারস আইজাবস বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইইউ ঐতিহাসিক হিসেবে দেখছে। তাই তারা বড় পর্যবেক্ষক মিশন পাঠাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর ঘনিষ্ঠ বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

প্রেস সচিব জানান, শেখ হাসিনার প্রায় সাড়ে ১৬ বছরের শাসনামলে ইইউ একবারও বাংলাদেশে বড় পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ আগের তিনটি সংসদ নির্বাচনকে তারা গ্রহণযোগ্য মনে করেননি। এবার পুরো দেশে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইইউকে আশ্বস্ত করেছেন যে আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। তিনি জানান, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার সমান সুযোগ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা বসানো হবে এবং সিসিটিভি মনিটরিং হবে। দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনী র‌্যাপিড রেসপন্স ফোর্স হিসেবে থাকবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে শীর্ষ আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, এতে কোনো আইনগত বাধা নেই। তাই সরকার প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করবে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর সম্ভাবনা বড় চ্যালেঞ্জ। তবে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, নারী ও তরুণদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, ফলে ভালো ভোটার উপস্থিতির আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com