June 27, 2026, 8:21 am

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ

  • Update Time : Friday, January 9, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে চলমান দেশব্যাপী বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ধারাবাহিক ও ক্রমবর্ধমান ডিজিটাল সেন্সরশিপের অংশ হিসেবে এই ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করা হয়েছে। এর ফলে সংকটপূর্ণ সময়ে জনগণের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলে সংস্থাটি উল্লেখ করে।

রাজধানী তেহরানসহ প্রধান শহর মাশহাদ ও ইস্পাহানে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বলে বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

এদিকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত সাবেক শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশজুড়ে জোরালো বিক্ষোভের আহ্বান জানান।

তবে চলমান পরিস্থিতির মধ্যেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, দেশের বিভিন্ন শহরে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এটি গত তিন বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় অসন্তোষের ঢেউ। গত মাসে তেহরানে দোকানি ও ব্যবসায়ীরা মুদ্রার মূল্যমানের পতনের প্রতিবাদ জানালে এই আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে সরকারি অব্যবস্থাপনা, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব, লাগামছাড়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।

স্থানীয় সংবাদমাধ্যম ও সরকারি ঘোষণার তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com