নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২—এই দুই আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ৩০০ আসনের মধ্যে এই দুটি আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, গত বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের সব কার্যক্রম বন্ধ থাকবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি গণভোট আয়োজনের ঘোষণাও দিয়েছে নির্বাচন কমিশন।
দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা রঙের, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের।
এদিকে মনোনয়নপত্র বাছাই শেষে বর্তমানে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চলছে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।