ক্রীড়া প্রতিবেদক:
বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে সক্ষম হবে বাংলাদেশ।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। যেহেতু টুর্নামেন্টের আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থানে আমরা দৃঢ়ভাবে অনড় আছি। কেন আমরা এই সিদ্ধান্তে অটল—তা আইসিসিকে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারব বলে আশা করি। আইসিসি যদি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষ ও আন্তরিকভাবে বিবেচনা করে, তাহলে আমরা যে যোগ্যতার মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি, সেখানে আমাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।’
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছে বলে জানা গেছে।