নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে থাইল্যান্ড থেকে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক সরকারি ক্রয় পদ্ধতিতে এই তেল আমদানি করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের এজেন্ডা সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এই পরিমাণ সয়াবিন তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। এতে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। সুপারিশপ্রাপ্ত সরবরাহকারী হিসেবে নির্বাচিত হয়েছে থাইল্যান্ডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেড।
এদিকে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
আইপিএল সম্প্রচার ইস্যুতে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ায় দেশের অর্থনীতি বা সরকারি ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। এ সমস্যার সূচনা বাংলাদেশ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ক্রিকেটার মোস্তাফিজুর রহমান একজন ভালো ও জনপ্রিয় খেলোয়াড়। পুরো ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং এতে কোনো দেশেরই লাভ হয়নি। তবে এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ ছিল বলে মন্তব্য করেন ড. সালেহউদ্দিন আহমেদ।