নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার বগুড়া সফরে যাচ্ছেন। প্রায় ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় তাঁর এই সফরকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা। লন্ডনে দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তাঁর প্রথম সফর।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) জানান, আগামী ১১ জানুয়ারি সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বগুড়ায় পৌঁছে তিনি সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন জেলা বিএনপির আয়োজনে সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন। পরে সড়কপথে রংপুর যাওয়ার কর্মসূচিও রয়েছে তাঁর।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি ঢাকা–১৭ আসনেও দলের মনোনয়ন পেয়েছেন। বগুড়ার গাবতলীতে তাঁর বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, তারেক রহমান রোববার বিকেলে রংপুরে গিয়ে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন নাকি পরদিন বগুড়ার কর্মসূচি শেষে রংপুরে যাবেন—এ বিষয়টি গুলশান কার্যালয় থেকে চূড়ান্তভাবে জানানো হবে। বগুড়ায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বগুড়া সফর করেছিলেন। অতীতে এই অঞ্চলে বিএনপির শক্ত অবস্থান ছিল। ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হন। বিভিন্ন সময়ে উপনির্বাচন ও সাধারণ নির্বাচনের মাধ্যমে আসনটির প্রতিনিধিত্বে পরিবর্তন এলেও রাজনৈতিকভাবে বগুড়া বিএনপির জন্য গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে।