June 27, 2026, 7:20 am

ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়ায় ৮ পুলিশ সাময়িক বরখাস্ত

  • Update Time : Monday, January 5, 2026

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামে ইয়াবাসহ আটক এক পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদক আত্মসাতের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার নগর পুলিশ কমিশনারের নির্দেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত), সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা এবং নারী কনস্টেবল উম্মে হাবিবা।

পুলিশ সূত্র জানায়, মাদকদ্রব্য আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্যের অভিযোগে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) বিধি-৮৮০ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বরখাস্তকালীন সময়ে অভিযুক্তদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করে নিয়মিত হাজিরা ও রোলকলের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের তথ্যমতে, গত ৮ ডিসেম্বর রাতে নগরের নতুনব্রিজ এলাকার একটি তল্লাশিচৌকিতে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল মো. ইমতিয়াজ হোসেনের একটি ট্রলি ব্যাগ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযোগ রয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে উদ্ধার করা ইয়াবা আত্মসাৎ করা হয় এবং রাত সাড়ে তিনটার দিকে কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তী তদন্তে জানা যায়, কোনো ছুটি না নিয়ে কনস্টেবল ইমতিয়াজ হোসেন ইয়াবাভর্তি লাগেজসহ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন এবং অর্থের বিনিময়ে ইয়াবা বহনে সম্মত হয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর নগর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেন। একই সঙ্গে নগর পুলিশের উপকমিশনারকে (দক্ষিণ) ৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com