June 27, 2026, 7:13 am

মায়ের জন্য দোয়া ও তার পক্ষে ক্ষমা চাইলেন তারেক রহমান

  • Update Time : Wednesday, December 31, 2025

নিজস্ব প্রতিবেদক:

বেগম খালেদা জিয়ার কোনো আচরণ বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বুধবার বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে এ বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশা আল্লাহ, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “আমার মায়ের কোনো ব্যবহার বা কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেস্ত নসিব করেন।”

এরপর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিভিন্ন বাহিনীর প্রধান এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান পৌঁছায়। সকাল ৮টা ৫৪ মিনিটে মরদেহটি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিএনপিও সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com