ক্রীড়া প্রতিবেদক:
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর কোনো ম্যাচ হচ্ছে না চট্টগ্রামে। সূচি অনুযায়ী ৫ জানুয়ারি থেকে বন্দরনগরীতে খেলা হওয়ার কথা থাকলেও সব ম্যাচ চট্টগ্রাম থেকে সরিয়ে সিলেট ও ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি, দলগুলোর ভ্রমণ ও লজিস্টিক্যাল জটিলতা এবং সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বিপিএলের ফাইনাল আয়োজন করতে হবে। পাশাপাশি জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতির সূচি থাকায় সময় সমন্বয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে দল, গভর্নিং কাউন্সিল ও টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে ভেন্যু সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে, এরপর ১৩ জানুয়ারি দলগুলো ঢাকায় চলে যাবে। ভ্রমণের সময় কমাতে চট্টগ্রামের ম্যাচগুলো ঢাকা ও সিলেটে স্থানান্তর করা হয়েছে। কিছু ম্যাচ সকাল-বিকেল ভাগে আয়োজন করা হলেও বাকি সূচিতে বড় কোনো পরিবর্তন হয়নি।
চট্টগ্রামের দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে ইফতেখার রহমান মিঠু বলেন, চট্টগ্রামের সমর্থক ও আয়োজকরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ভেন্যু বাতিল করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।