নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল পাঁচটায় মনোনয়ন গ্রহণ শেষ হবে। শেষ দিনে সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ৩০০ আসনের জন্য মোট ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও গতকাল রোববার পর্যন্ত জমা পড়েছিল মাত্র ১৬৬টি। ফলে শেষ দিনে অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
খালেদা, তারেক ও ফখরুলের মনোনয়ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার পক্ষে আজ দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুনিরা হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা রফিকুল আলম মজনু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার প্রতিনিধি এ মনোনয়ন দাখিল করেন।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন।
ববি হাজ্জাজ ও জামায়াত আমিরের মনোনয়ন
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে ঢাকা-১৩ আসনে নির্বাচন করবেন। তিনি আজ সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, কৌশলগত কারণে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।
একই ভবনে দুপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এ মনোনয়নপত্র দাখিল করেন।
চট্টগ্রামে উত্তেজনা
বেশির ভাগ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা হলেও চট্টগ্রাম-১০ আসনে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ প্রধান ফটক বন্ধ করে দিলে প্রার্থী সীমিতসংখ্যক ব্যক্তিকে নিয়ে ভেতরে প্রবেশ করে মনোনয়নপত্র জমা দেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। আর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।