June 27, 2026, 7:16 am

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Monday, December 29, 2025

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এসব অস্ত্র নিয়মিতভাবে উদ্ধারও করা হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না। ঢুকছে এবং প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে। কোথাও কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।”

মেঘালয় পুলিশ ও ডিএমপির বক্তব্যে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভিন্নমত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিবি একটি বিবৃতি দিয়েছে, সেটি দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে।

কেরানীগঞ্জে একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতককে ধরতে অভিযান চলছে।

বোমা হামলা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তি সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে।” তিনি আশ্বস্ত করেন, নির্বাচন নিয়ে বর্তমানে কোনো শঙ্কা নেই।

বিজিবি দিবস উপলক্ষে সকালে শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদক প্রদান করেন। এর মধ্যে ১২ জনকে বিজিবি পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বিজিবি পদক, ১২ জনকে বিজিবি পদক (সেবা) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বিজিবি পদক (সেবা) প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে তিনি বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com