June 27, 2026, 8:23 am

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

  • Update Time : Sunday, December 28, 2025

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন জমার শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় এক দফা বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আয়কর আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সামনে নির্বাচন থাকায় করদাতাদের বাড়তি সুবিধা দিতে এবং অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় প্রস্তুতির সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় এবং সরকার চাইলে সময় বাড়াতে পারে।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। উল্লেখ্য, গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com