June 27, 2026, 11:08 am

ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, December 20, 2025

নিজস্ব প্রতিবেদক

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শুরু হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। এ ছাড়া ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ছাত্র-জনতা শহীদ হাদির জানাজায় শরিক হন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশে–বিদেশে থাকা বাংলাদেশিরা সবাই আজ হাদির কথাই জানতে চায়। প্রিয় ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরেই আছো এবং বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির হৃদয়ে থাকবে।

জানাজা শেষে সংসদ প্লাজা থেকে শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নেওয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স–কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com