কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হাদির দাফন সম্পন্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনা হয়।
বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফ্রিজার ভ্যান থেকে মরদেহ নামিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোদ্ধাদের উপস্থিতিতে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার ছয় দিন পর গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তোলেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন।