June 27, 2026, 6:44 am

ওসমান হাদির হত্যার প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

  • Update Time : Friday, December 19, 2025

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে এসে সমবেত হচ্ছেন।

সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড, মুখে নানা স্লোগান। তারা হাদির হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন।

শনিরআখড়া থেকে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান বলেন, একজন সৎ ও সাহসী দেশপ্রেমিককে আমরা হারিয়েছি। এই শোক আমাদের নাড়া দিয়েছে। প্রতিবাদ জানাতে সকালেই শাহবাগে এসেছি।

রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ওই খবরের পর থেকে ঢাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে আততায়ীর গুলিতে মাথায় গুরুতর আহত হন। ঢাকা ও পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com