জেলা প্রতিনিধি:
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর আড়ংঘাটা এলাকার শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। একই ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত এমদাদুল হক মিলন খুলনা থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম বর্তমান সময় ডট কম-এর সাংবাদিক ছিলেন। পাশাপাশি তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি শলুয়া মন্দির সড়কে। তিনি বজলুর রহমান শেখের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে মিলনসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে এমদাদুল হক মিলন ও দেবাশীষ বিশ্বাস গুলিবিদ্ধ হন। দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই মিলনের মৃত্যু হয়। আহত দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান জানান, শলুয়া বাজারে গুলিবিদ্ধ দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন মারা গেছেন এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক আহত হয়েছেন। নিহত ব্যক্তি সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।