নিজস্ব প্রতিবেদক-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
এ অবস্থায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারসহ ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিকল্প সড়ক নির্দেশনা:
মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে যাবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ (ইন্দিরা রোড) অভিমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং হয়ে চলাচল করবে।
ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটে যাবে।
আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে চলাচল করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে গমন করবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ অভিমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে চলাচল করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে জানাজার সময় ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলার জন্য যানবাহন চালকদের অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে জানাজায় আগতদের কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার আহ্বান জানানো হয়েছে।
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।