নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও গুলিবিদ্ধ নেতা শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই তথ্য জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে লেখেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে।’
এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ফেসবুক পোস্টে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই শাহাদাৎ বরণ করেছেন।’ তিনি হাদির আত্মত্যাগকে জনগণের মুক্তির সংগ্রামে অনন্ত প্রেরণা হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।