বিনোদন ডেস্ক:
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবের দিন আজ—মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছেন সর্বস্তরের মানুষ। সেই সঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন।
অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিন নয়, বরং একটি অবিরাম লড়াই হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।”
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে জয়া আরও লেখেন, “তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেই দিন, যেদিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্রে পরিণত করতে পারব।”
চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন ভিন্ন আবহে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরেন তিনি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লেখেন, “মহান বিজয় দিবসের শুভেচ্ছা।”
এদিকে জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক বার্তায় বিজয়ের আনন্দ ভাগ করে নেন। তিনি লেখেন, “মহান বিজয় দিবসের শুভেচ্ছা।”