নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৃথক পৃথক বার্তায় ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও হাইকমিশন বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।
মার্কিন দূতাবাস তাদের বার্তায় উল্লেখ করে, “এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছে।”
চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, “মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের প্রেরণায় আসুন আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।”
ভারতীয় হাইকমিশন, ঢাকার পক্ষ থেকে জানানো হয়, “ভারতীয় হাইকমিশন বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।”
এ ছাড়া পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেনও বাংলাদেশকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।