নিজস্ব প্রতিবেদক:
প্রায় সাড়ে তিন বছর ধরে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি চার বছর ধরে কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ না করলেও গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর ছিল ১ টাকা ৪০ পয়সা। এরপর থেকেই দর ঊর্ধ্বমুখী হতে থাকে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শেয়ারদর দাঁড়ায় ৩ টাকা ১০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২ দশমিক ২১ গুণ।
ডিএসই সূত্র জানায়, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ডিএসই কর্মকর্তারা রিজেন্ট টেক্সটাইলের কারখানা পরিদর্শনে গিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ দেখতে পান। ওই তথ্য পরবর্তীতে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ডিএসইর তথ্যানুসারে, কোম্পানিটির কারখানা ২০২২ সালের জুলাই থেকে বন্ধ রয়েছে। তবে সিকিউরিটিজ আইন অনুযায়ী কারখানার কার্যক্রম বন্ধ থাকলে বিনিয়োগকারীদের জানানো বাধ্যতামূলক হলেও রিজেন্ট টেক্সটাইল স্টক এক্সচেঞ্জকে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
কোম্পানিটি সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর থেকে আর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক অবস্থার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
২০২০-২১ অর্থবছরে রিজেন্ট টেক্সটাইলের আয় ছিল ১১০ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৮৬ কোটি টাকা। ওই বছর কর-পরবর্তী নিট লোকসান দাঁড়ায় ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি, যেখানে আগের অর্থবছরে লোকসান ছিল প্রায় ৪ কোটি টাকা।
ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৬২ পয়সা, যা আগের বছরে ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৬ টাকা ৫২ পয়সায়। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি, যদিও আগের অর্থবছরে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করেছিল।