June 27, 2026, 8:21 am

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : Saturday, December 13, 2025

জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করবে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছে এ ঘটনা ঘটে। ওই সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করে।

বিজিবি আরও জানায়, গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে বিএসএফ ভারতীয় সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার রাতে সীমান্তে শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে শান্ত আহত হলে তাকে বিএসএফ হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে এ বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর আরেকটি পতাকা বৈঠকের মাধ্যমে শান্তর মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com