বিনোদন ডেস্ক:
দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে শাকিব খানকে ঘিরে একক নায়কনির্ভরতা বজায় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর মতে, নামী প্রোডাকশন হাউসগুলো শাকিব খান ছাড়া অন্য নায়কদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখায় না—আর এই প্রবণতা বাংলা চলচ্চিত্রের জন্য মোটেও শুভ নয়।
এক সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেন, “অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া প্রোডাকশন হাউসগুলো তেমন আগ্রহ দেখায় না। এটি কোনোভাবেই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন, “আপনাদের ইতিবাচক খবর ও ইতিবাচক ভাইব যদি দেশের দর্শকদের কাছে পৌঁছায়, তাহলে তাদের আগ্রহ বাড়ে—এই কাজটি আপনাদের করতে হবে।”
সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে বুলিংয়ের বিষয়েও কথা বলেন অপু বিশ্বাস। তাঁর ভাষায়, “আমাকে নিয়ে বুলিং অবশ্যই করেন, তবে যেন সেটা পজিটিভ হয়—যা থেকে আমরা শিখতে পারি এবং কাজের ক্ষেত্রে আরও সামনে এগোতে পারি।”
শুধু শাকিব-কেন্দ্রিক শিল্পে পরিবর্তন আনতে যেসব নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে আসছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এম কে প্রোডাকশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে অপু বলেন, “দীর্ঘদিন ধরে শাকিব খান ছাড়া অন্য কাউকে নিয়ে কাজের আগ্রহ দেখায়নি অনেক প্রোডাকশন হাউস। এখন যারা নতুনভাবে আগাচ্ছে, তাদের উৎসাহ দেওয়া আমাদের সবার দায়িত্ব।”