June 27, 2026, 7:19 am

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে নাসির কমিশন

  • Update Time : Wednesday, December 10, 2025

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের অন্যান্য চার সদস্য।

বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের পাঁচ সদস্য আগে নির্বাচন ভবনে নিজস্ব বৈঠক করেন। পরবর্তীতে তারা বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশনের সব প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এরপর সিইসি বিটিভি ও বেতারের ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার বিকেল থেকেই নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বিকেলেই সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়েই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা।

ইসি জানিয়েছে, সিইসির ভাষণ রেকর্ড সম্পন্ন হলে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার যেকোনো সময় তফসিল ঘোষণা করা হতে পারে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com