June 27, 2026, 6:46 am

২ দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা

  • Update Time : Friday, December 5, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খুচরা বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন অঞ্চলগুলোতে সরবরাহ কমে যাওয়ায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

শুক্রবার কারওয়ান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুখেত ও ভাসানটেকসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়—দেশি পেঁয়াজ ১৪০–১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগে যার দাম ছিল ১১০–১২০ টাকা।

কাজীপাড়া কিচেন মার্কেটে বাজার করতে আসা মো. শামীম হোসেন বলেন, “এক কেজি পেঁয়াজ ১৬০ টাকা শুনে মনে হয়েছিল ভুল বলছে। কিন্তু চারটি দোকান ঘুরেও একই দাম পেলাম।” তিনি আরও বলেন, হঠাৎ ৪০ টাকা বৃদ্ধি অস্বাভাবিক—সরকারের বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।

বিক্রেতারা জানান, বাড়তি দামে ক্রেতারা হতবাক হয়ে তর্কে জড়াচ্ছেন। ভাসানটেকের এক দোকানদার জানান, পরিবহন ব্যয়সহ তারা ১৪৫ টাকায় কিনে ১৫০–১৬০ টাকায় বিক্রি করছেন।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী সজীব শেখ বলেন, ফরিদপুর, রাজবাড়ী ও পাবনার হাটে সরবরাহ কমে গেছে। তারা ৮০ বস্তা কিনতে গিয়ে মাত্র ২০ বস্তা পেয়েছেন। নতুন পেঁয়াজ আসা ও আমদানি শুরু হলে দাম কমতে পারে বলে তিনি আশা করেন।

শ্যামবাজার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আমদানিকারক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, “দুই মাস ধরে আমদানির অনুমতির অপেক্ষায় আছি। ভারতীয় পেঁয়াজ বাংলাদেশি টাকায় কেজি ১০ টাকার মতো। অনুমতি পেলে সব খরচসহ ৩০–৩৫ টাকায় বিক্রি করা সম্ভব হতো; বাজারও স্থিতিশীল থাকত।” তার মতে, দেশে নতুন পেঁয়াজ আসতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে।

এদিকে কাঁচাবাজারে শীতকালীন সবজি প্রচুর হলেও দাম কমছে না বলে অভিযোগ ভোক্তাদের। মুলা ও পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৬০–৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com