আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে ৩০টিরও বেশি দেশ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টি নোয়েম। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের সংখ্যা নিয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে চান না, তবে তালিকায় ৩০টিরও বেশি দেশ রয়েছে। প্রেসিডেন্ট নিয়মিত এসব দেশের পরিস্থিতি পর্যালোচনা করছেন।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প প্রশাসনের সময়ে যেসব দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, বর্তমান সিদ্ধান্তে তা কি ৩২ দেশে দাঁড়িয়েছে? জবাবে নোয়েম জানান, সংখ্যা বাড়ছে, তবে কোন দেশের নাম তারা প্রকাশ করতে চান না।
ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়ে নোয়েম বলেন, “যে দেশগুলো স্থিতিশীল সরকার গঠন করতে ব্যর্থ, কিংবা আন্তর্জাতিক সহায়তা ছাড়া টিকে থাকতে পারে না— সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার যথেষ্ট কারণ নেই। আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।”
গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করে। দেশগুলো হলো— আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডী, চাদ, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।