June 27, 2026, 11:09 am

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের দৌড়ে তাইজুল ইসলাম

  • Update Time : Friday, December 5, 2025

ক্রীড়া প্রতিবেদক:

আয়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের লড়াইয়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শুক্রবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় পুরুষ বিভাগে তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

চেনা কন্ডিশনে আবারও ঝলক দেখান তাইজুল। দুই ম্যাচের সিরিজে ২৬.৩০ গড়ে তিনি শিকার করেন ১৩ উইকেট—যা বাংলাদেশের ২–০ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখে। সিলেটে প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়ার পর মিরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই নেন ৪ উইকেট করে। এই ম্যাচ চলাকালে তিনি টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির নতুন রেকর্ডও গড়েন।

এখন পর্যন্ত ৫৭ টেস্টে ৩১.০৬ গড়ে তাইজুলের উইকেট সংখ্যা ২৫০। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার এবং ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দুইবার। তিনি এই তালিকায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন, যার ৭১ টেস্টে উইকেট ছিল ২৪৬।

এদিকে নভেম্বরের সেরা নির্বাচনে হার্মারের মনোনয়ন এসেছে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ১৭ উইকেট নেওয়ার সুবাদে। প্রথম টেস্টে ৮ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে আরও ৯ উইকেট নেন তিনি।

পাকিস্তানের নওয়াজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সে জায়গা পেয়েছেন মনোনীতদের তালিকায়। ওয়ানডেতে ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ রান এবং টি-টোয়েন্টিতে ১১ উইকেট পেয়েছেন ১২.৭২ গড়ে।

নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুত্থাওং এবং সংযুক্ত আরব আমিরাতের এশা ওজা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com