জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে শীতের প্রকোপ তীব্র হয়ে উঠেছে। ডিসেম্বরের শুরুতেই তেঁতুলিয়া ও আশেপাশের এলাকায় হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।
আবহাওয়ার অবস্থা আরও জটিল করেছে বাতাসে ৭৯ শতাংশ আর্দ্রতা। সকাল পর্যন্ত উপজেলা কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল। কম দৃশ্যমানতার কারণে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরে চলাচল করতে দেখা গেছে।
এর আগে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি। তেঁতুলিয়ায় গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ থেকে ১৩.২ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।
চাকলাহাটের অটোচালক ফারুক জানান, ভোরবেলায় রাস্তায় নামলে হাত-পা জমে আসে এবং যাত্রীরাও কম থাকায় আয়ও কমে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেছেন, “শীতের তীব্রতা প্রতিদিন বেড়ে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এভাবে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।”