নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান।
মোদির ভাষ্যে, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।” তিনি আরও লেখেন, “তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা রইল। ভারত প্রয়োজনে এবং যেকোনো উপায়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”
বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। দলটির বেশিরভাগ চিকিৎসকই চীনের নাগরিক।