নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। ঘিঞ্জি এবং ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে মুহূর্তেই বহু ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকট থাকায় আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিস কর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে।
সরেজমিনে দেখা গেছে, পরিস্থিতির ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। অপ্রীতিকর কোনো ঘটনা রোধে স্থানীয়দের নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে যেসব ঘরে এখনো আগুন পৌঁছায়নি কিন্তু ঝুঁকিতে রয়েছে—সেসব ঘর থেকে বাসিন্দারা দ্রুত মূল্যবান সামগ্রী বের করে নিতে চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে তীব্র যানজটে কোনো ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি। সর্বশেষ মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।”