June 27, 2026, 6:50 am

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

  • Update Time : Monday, November 17, 2025

নিজস্ব প্রতিবেদক:

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে তাকে মৃত্যুদণ্ড এবং বাকি দুই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ রায় ঘোষণা শুরু হয় এবং বিকেল ৩টার দিকে চূড়ান্ত রায় দেওয়া হয়। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলায় এটিই প্রথম রায়।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছেন, তার অপরাধও মৃত্যুদণ্ডযোগ্য হলেও বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা ও রাজসাক্ষী হওয়ার কারণে তার দণ্ড লঘু করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উসকানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে বিচার করা হয়। যেসব পাঁচটি অভিযোগ আনা হয়েছিল—গণভবনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো—এর মধ্যে শেষ তিনটিতে মৃত্যুদণ্ড এবং প্রথম দুইটিতে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com