June 27, 2026, 7:34 am

৩০১ রানের লিড নিয়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

  • Update Time : Thursday, November 13, 2025

ক্রীড়া প্রতিবেদক:

চা-বিরতির পর মাত্র তিন ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এ সময়ে দলীয় সংগ্রহে যোগ হয় আরও ১২ রান, হারায় একটি উইকেট। ১৬ রান করে হাসান মুরাদ আউট হলে ফাইফার পূর্ণ করেন আইরিশ বোলার ম্যাথু হাম্প্রেস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, লিড দাঁড়ায় ৩০১ রানের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। সকালে শুরু করা ইনিংসে আরও ২৪৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭১ রান করেন মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিনের সকালে মাত্র ২ রান যোগ করেই তিনি আউট হন, হাতছাড়া হয় দ্বিশতকের সুযোগ। আগের দিনের অপরাজিত ৮০ রানে থাকা মুমিনুল হকও ২ রান যোগ করে ৮২ রানে ফেরেন সাজঘরে। তখন দলের সংগ্রহ ছিল ৩৪৬/৩।

অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজের ৯৯তম টেস্টে করেন ২৩ রান। ওয়ানডে ছন্দে খেলে ৬৬ বলে ৬০ রান করা লিটন দাসও বড় শট খেলতে গিয়ে আউট হন। টেক্টরের চমৎকার ক্যাচে তার ইনিংসের ইতি টানেন হাম্প্রেস, যিনি শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি, করেন ঠিক ১০০ রান। এরপর মেহেদী হাসান মিরাজ ১৭ রান করে হাম্প্রেসের বলেই ক্যাচ তুলে দিলে ৫৬১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

চা-বিরতির সময় স্কোরবোর্ডে রান ছিল ৭ উইকেটে ৫৭৫, লিড ২৮৯ রান। বিরতির পর হাসান মুরাদকে আউট করে নিজের প্রথম টেস্ট ফাইফার পূর্ণ করেন হাম্প্রেস।

শেষ পর্যন্ত বোর্ডে আরও ১২ রান যোগ করে ৩০১ রানের লিডে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আইরিশ বোলারদের মধ্যে হাম্প্রেস নেন ৫ উইকেট, ব্যারি ম্যাকার্থি ২টি এবং অ্যান্ডি ম্যাকব্রাইন ১টি উইকেট নেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com