June 27, 2026, 8:44 am

কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প

  • Update Time : Saturday, November 1, 2025

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি কানাডার একটি প্রচারণা বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হন ট্রাম্প। তিনি জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র এখন আর আলোচনায় ফিরবে না।

ট্রাম্প বলেন, “আমি তাকে (কার্নি) পছন্দ করি, কিন্তু তারা যা করেছে, তা ভুল ছিল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল, তাই তিনি ক্ষমা চেয়েছেন।”

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে চলমান আলোচনাটি বাতিল করেন এবং কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত বিজ্ঞাপনটিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করে। বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

ট্রাম্প বিজ্ঞাপনটিকে “ভুয়া” আখ্যা দেন। তবে আল জাজিরা জানিয়েছে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টিম রিগানের পুরোনো ভাষণের অংশ ব্যবহার করে এক মিনিটের বিজ্ঞাপনটি তৈরি করেছিল, এবং সব বাক্যই রিগানের মূল বক্তব্য থেকেই নেওয়া।

বিতর্কের পর ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন, আলোচনার পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, কানাডা এখনো সংলাপের জন্য প্রস্তুত।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পণ্য যুক্তরাষ্ট্রে যায়। কিন্তু ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com